আগের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাকিস্তান আমলের রাজনৈতিক প্রেক্ষাপট ও সে সময়ের পলিসি নিয়ে অনেক বিতর্ক বা আলোচনা থাকতে পারে, তবে সেই সময়ের জামায়াত আর বর্তমানের জামায়াত এক নয়। শুক্রবার (১ মে) কুমিল্লার টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "জামায়াতে ইসলামীর নীতি ও গঠনতন্ত্র বহুবার সংশোধিত ও আধুনিকায়ন হয়েছে। আমাদের বর্তমান গঠনতন্ত্রের ভূমিকাতেই মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের লড়াই ও সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ ও সম্মান করেছি। এখন জামায়াতের সদস্য হতে হলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক।"
সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, "উভয় নেতার বক্তব্যে একই সুর আমাদের আশান্বিত করেছে। আমরা অতীতের গ্লানি মুছে সামনে এগিয়ে যেতে চাই, যাতে নতুন প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ ইতিহাস উপহার দিতে পারি।"
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, "মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বর্তমান বিলের ভেতরে যে উদ্দেশ্য বা 'ইনটেনশন' লক্ষ্য করা যাচ্ছে, তা সংশোধন করা উচিত। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যারা লিপ্ত, এটি তাদেরই অপতৎপরতার ফসল।"
তিনি আরও যোগ করেন, "এত সাংবিধানিক পরিবর্তনের পরও যখন একটি মহল বিতর্ক টিকিয়ে রাখতে চায়, তখন বুঝতে হবে এটি দেশপ্রেম নয়; বরং জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রী দুরভিসন্ধি। এই বৃত্ত থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে।"
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা এ টি এম মাসুম, কুমিল্লা মহানগরী প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া।
Comments