আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: নগরজুড়ে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে যাচ্ছেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এরপরে সকাল ১১:০০ টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের 'জলাবদ্ধতা নিরসন প্রকল্প' উদ্বোধন করবেন। দুপুর ১২:০০ টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী (বাসিয়া খাল) খননকাজের শুভ উদ্বোধন। বিকেল ৩:০০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর উদ্বোধন। বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ।
সফর শেষে সন্ধ্যা ৭টায় তাঁর বিমানযোগে পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং জেলা প্রশাসন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, পুরো শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিশেষ চেকপোস্ট এবং নিচ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, সফরের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আলোকসজ্জার চেয়ে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সীমিত সৌন্দর্যবর্ধনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, "সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। প্রধানমন্ত্রীর এই সফরে আমরা ঢাকা-সিলেট দ্রুত যোগাযোগ ব্যবস্থা এবং নতুন শিল্পায়নের দাবিগুলো গুরুত্বের সাথে তুলে ধরব।"
Comments