অং সান সু চি কারাগার থেকে গৃহবন্দিত্বে, কমলো সাজার মেয়াদ
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
একই দিনে সু চির সাজার মেয়াদ হ্রাসের বিষয়েও বড় ঘোষণা দিয়েছে জান্তা সরকার। জানানো হয়েছে, তাঁর মোট সাজার মেয়াদ থেকে ছয় ভাগের এক ভাগ অংশ কমিয়ে দেওয়া হয়েছে। তবে সাজার অবশিষ্ট সময় তিনি কারাগারের বাইরে অর্থাৎ গৃহবন্দী অবস্থায় কাটানোর অনুমতি পাবেন কি না, সে বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে ৮০ বছর বয়সী এই প্রবীণ নেত্রীকে রাজধানী নাইপিদোর একটি নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছিল।
দীর্ঘদিন কারাগারে থাকার পর তাঁর শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, সু চির বিরুদ্ধে আনা একাধিক মামলার রায় ঘোষণা করে তাঁকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছিল জান্তানিয়ন্ত্রিত আদালত, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়েছিল।
Comments