কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: শিশুসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নিহতরা হলেন— ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের ছাদিয়া আক্তার (৮), নুরনবী ইসলাম (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন ইসলাম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম জেলা হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাক বা চালককে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
Comments