২০২৭ সালের এসএসসি পরীক্ষা এ বছর ডিসেম্বরেই
সেশনজট কমিয়ে শিক্ষাপঞ্জি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের পরিবর্তে এই পরীক্ষা চলতি ২০২৬ সালের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, করোনা পরবর্তী পরিস্থিতি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেই বিশৃঙ্খলা কাটিয়ে শিক্ষার স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতেই এই আগাম পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের (২০২৬) ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই।"
এসএসসির পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়েও বড় ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, একই উদ্দেশ্য নিয়ে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনা হবে। মূলত শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে এবং আন্তর্জাতিক শিক্ষাপঞ্জির সঙ্গে সমন্বয় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সচিবালয়ে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি 'বদলি নীতিমালা' নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেশনজট কমানোর পাশাপাশি শিক্ষক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এই অভাবনীয় সিদ্ধান্তের ফলে ২০২৭ সালের পরীক্ষার্থীদের প্রস্তুতি চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে। এতে সেশনজট কমবে বলে আশা করা হলেও, দ্রুত সিলেবাস শেষ করার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
Comments