পবিত্র হজ পালনে সৌদিতে গেছেন ২৯,৩১৫ বাংলাদেশি
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর দিন থেকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন-টাঙ্গাইলের সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল। এরমধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
Comments