আন্তর্জাতিক পরিসরে বৈশাখ উদযাপনের পরিকল্পনা - ডা. জাহেদ উর রহমান
বাংলা নববর্ষকে কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদযাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই পরিকল্পনার কথা জানান। একই সাথে আসন্ন ঈদুল আজহায় নতুন বাস ভাড়া কার্যকর হওয়ার ইঙ্গিত দেন তিনি।
ডা. জাহেদ উর রহমান জানান, ইরানের নববর্ষ 'নওরোজ'-এর মতো বাংলা নববর্ষকেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন: ভারত, মিয়ানমার, কম্বোডিয়া ও ভিয়েতনামের একটি অংশে একই সময়ে নববর্ষ পালিত হয়। আগামী বছর থেকে এসব দেশের সঙ্গে যোগাযোগ করে একটি 'কালচারাল ডিপ্লোম্যাসি' বা সাংস্কৃতিক কূটনীতি গড়ে তোলা হবে।
বৈশাখী উৎসব মাসব্যাপী পালন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশি জাতীয়তাবাদকে শক্তিশালী করতে এই উৎসবকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহনের ভাড়া সমন্বয়ের কাজও চলছে বলে জানান উপদেষ্টা। ভাড়া বৃদ্ধি যেন কোনোভাবেই সাধারণ মানুষের জন্য অযৌক্তিক বা বোঝা না হয়, তা কঠোরভাবে তদারকি করবে সরকার। জটিলতা নিরসনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে, যা আসন্ন ঈদে কার্যকর হবে। রাজধানীর বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ ও সেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বর্তমানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে যে তেলের চাহিদা দেখা যাচ্ছে তা 'সঠিক চাহিদা' নয়। মূলত অবৈধ মজুদ এবং পাচারের কারণে এই সংকট তৈরি হয়েছে। এই অপতৎপরতা বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
Comments