চিন্ময় কৃষ্ণের মুক্তি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটকাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানিয়েছেন, কোন অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত 'মহানগর পরিবার দিবস-২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "চিন্ময় দাসের বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটক রাখা হয়েছে? বিষয়টি নিয়ে আমি আজ-কালের মধ্যেই যথাযথ মহলে কথা বলব এবং তার দ্রুত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"
দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংস্কৃতিমন্ত্রী বলেন: পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে মন্ত্রণালয় কাজ করছে। ঐতিহাসিক এই মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মত দেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশে কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক বা ধর্মীয় ভিন্নতা থাকলেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল নীতি।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
Comments