কাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পবিত্র হজ পালন উপলক্ষে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র সৌদি আরব গমন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য বিশেষ সুখবর দিয়েছে মন্ত্রণালয়। বর্ধিত ফ্লাইট শিডিউলের পাশাপাশি বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
গত বছরের তুলনায় এবার টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা ও শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নির্বিঘ্নে হজ পালনের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
Comments