৫ আরব দেশের কাছে ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের ফলে ইরানের অন্তত ২৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। রুশ সংবাদ সংস্থা 'রিয়া নভোস্তি'কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই বিপুল ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব তুলে ধরেন। একইসঙ্গে, হামলায় সহযোগিতার অভিযোগে মধ্যপ্রাচ্যের ৫টি মুসলিম দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।
ফাতেমাহ মোহাজেরানি জানান, ২৭০ বিলিয়ন ডলারের এই হিসাবটি প্রাথমিক। ইরানি প্রশাসনের অর্থনৈতিক বিভাগগুলো কয়েকটি ধাপে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করবে:
- প্রথম ধাপ: অবকাঠামো ও ভবনসমূহের ধ্বংসলীলা নিরূপণ।
- দ্বিতীয় ধাপ: বাজেটের রাজস্ব ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকার ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ।
- মানবিক বিপর্যয়: গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় ১৭০ জন প্রাণ হারান। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ক্ষতিপূরণসহ জনগণের অধিকার আদায়ে ইরান আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানান মোহাজেরানি।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্যমতে, তেহরান তাদের ওপর চালানো হামলায় পথ সুগম করে দেওয়ার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন যে, এই রাষ্ট্রগুলো মার্কিন-ইসরায়েলি হামলাকে সহায়তা করে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে। ফলে যুদ্ধের এই ক্ষয়ক্ষতির দায়ভার তাদের ওপরও বর্তায়।
Comments