আজ বিকেলে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক কিছু মন্তব্যের আনুষ্ঠানিক জবাব ও প্রতিক্রিয়া জানাতেই এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এদিকে, আজ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইডিবি) ১১ দলীয় ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশে চলমান আন্দোলন সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, সংসদে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হলেও তারা দমে যাননি। গণভোট নিয়ে সরকারের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, আন্দোলনে শহীদদের ৬২ শতাংশই ছিলেন শ্রমিক। এই আন্দোলন কেবল কোটা সংস্কারের জন্য ছিল না, বরং ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সামগ্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা।
সংসদে সরকারি দলের সদস্যদের কড়া সমালোচনা করে তিনি বলেন, "জিহ্বা সংযত করুন।" তিনি মনে করিয়ে দেন যে, জুলাইযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম আর কারও চোখ রাঙানিকে পরোয়া করে না।
বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং সরকারের মন্ত্রীদের বক্তব্যের পাল্টা জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে।
Comments