চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
কৃষকদের সেচ সুবিধা ও চাষাবাদ নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই আশ্বাসের কথা জানান।
পাট, ধান ও ভুট্টা চাষের মৌসুমের কথা বিবেচনা করে চাষিরা যাতে কোনো বিঘ্ন ছাড়াই ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার এখনো তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, তীব্র গরমের এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নিয়মিত ও কঠোরভাবে জ্বালানি তেলের বাজার মনিটরিং করার নির্দেশ দেন তিনি। ফরিদপুর অঞ্চলে নদী ভাঙন রোধে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী, যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতি বন্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।
Comments