মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন মিন অং হ্লাইং
মিয়ানমারে ২০২১ সালের রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতায় বসলেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির নবনির্বাচিত সংসদে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর এক বছরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও, তা বাস্তবায়ন করতে মিন অং হ্লাইংয়ের সময় লেগেছে দীর্ঘ পাঁচ বছর। সামরিক অনুগতদের নিয়ে গঠিত নতুন সংসদ তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। বিশ্লেষকদের মতে, এটি মূলত বেসামরিক শাসনের একটি 'ছদ্মবেশ' মাত্র।
নতুন সংবিধানে সেনাপ্রধানের পদ ছাড়লেও রাষ্ট্রযন্ত্রে সেনাবাহিনীর প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন তিনি। সংসদের এক-চতুর্থাংশ আসন এখনো সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এবং সামরিক সমর্থিত দল ইউএসডিপি (USDP) অধিকাংশ বেসামরিক আসন দখল করে আছে।
মিন অং হ্লাইংয়ের উত্তরসূরি হিসেবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করছেন তার ঘনিষ্ঠ মিত্র জেনারেল ইয়ে উইন উ। এছাড়া, একটি শক্তিশালী 'পরামর্শদাতা পরিষদ' গঠন করা হয়েছে, যার মাধ্যমে মিন অং হ্লাইং সামরিক ও বেসামরিক উভয় খাতেই নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারবেন।
আন্তর্জাতিক বিশ্লেষক ও বিরোধীরা এই নির্বাচনকে 'পূর্বনির্ধারিত' এবং 'প্রহসন' হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, পোশাক পরিবর্তন হলেও মিয়ানমারে প্রকৃত গণতন্ত্র ফেরার সম্ভাবনা এখনো ক্ষীণ।
Comments