রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতির তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক মামলাগুলো পর্যালোচনার জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে: গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটি এজাহার, চার্জশিট ও পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে সুপারিশ প্রদান করে। জেলা কমিটির সুপারিশগুলো চূড়ান্ত যাচাই-বাছাই করতে ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি ছয় সদস্যের 'কেন্দ্রীয় কমিটি' গঠন করা হয়। এই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে।
হয়রানিমূলক মামলার সঠিক সরকারি পরিসংখ্যান সংরক্ষিত না থাকলেও, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের বরাতে মন্ত্রী জানান: ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে আশ্বস্ত করে বলেন, জনস্বার্থে এবং রাষ্ট্রের ক্ষতি এড়াতে যে মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হচ্ছে, সেগুলোই প্রত্যাহারের তালিকায় রাখা হচ্ছে। তিনি আরও জানান, যেসব হয়রানিমূলক মামলা এখনও ঝুলে আছে, সেগুলো প্রত্যাহারের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
Comments