পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য বিশেষ উপহার হিসেবে 'কৃষক কার্ড' চালু করতে যাচ্ছে সরকার। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নানা তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের সার্বিক সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে পাইলট কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষককে কার্ড প্রদান করা হচ্ছে। দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কার্যক্রম শুরু হয়েছে। দেশে বর্তমানে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষক রয়েছেন। পর্যায়ক্রমে আগামী কয়েক বছরের মধ্যে সকল কৃষকের হাতে এই সেবা পৌঁছে দেওয়া হবে। প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ১৩টি জেলায় ইতিমধ্যে ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হয়েছে।
কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা দেন। আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৯ হাজার কারিগরি শিক্ষকের হাতে উন্নত প্রযুক্তির ট্যাব তুলে দেওয়া হবে। ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হবে।
শিক্ষা খাতে অবকাঠামো শক্তিশালী করতে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ১৭২ জন শিক্ষার্থীকে জাপানি ও ইতালীয় ভাষা শিক্ষার আওতায় আনা হচ্ছে। এছাড়া ঝরে পড়া রোধে প্রতিটি উপজেলায় ২ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়েছে, যা দ্রুতই প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য সম্প্রসারণ করা হবে।
Comments