হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজকে পারাপারের অনুমতি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন প্রদান করেছে।
আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানোর পর ইরান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তিনি বলেন: "বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালিতে আটকা পড়েছিল। আমরা বিষয়টি তেহরানকে জানানোর পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে পার হওয়ার ও প্রয়োজনীয় সহায়তা করার অনুমোদন দিয়েছে।"
রাষ্ট্রদূত জাহানাবাদী উল্লেখ করেন যে, জাহাজগুলোর সঠিক স্পেসিফিকেশন বা পরিচিতি পেতে দেরি হওয়ায় কিছুটা সময় লেগেছে। গত সপ্তাহে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর এখন উভয় পক্ষ জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। বর্তমানে জ্বালানি তেলের সংকটে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, সে বিষয়ে ইরান অবগত। বাংলাদেশের মানুষ যাতে কোনো কষ্টে না পড়ে, সেজন্য জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সীমিত হয়ে পড়েছিল। এর ফলে বাংলাদেশের এই ছয়টি জাহাজ সেখানে আটকা পড়ে, যা দেশের জ্বালানি সরবরাহে উদ্বেগের সৃষ্টি করেছিল।
Comments