আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায়, একটি ড্রোন ফুজাইরাহর আকাশসীমায় প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে ভূপাতিত করে। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর সেটির অবশিষ্টাংশ নিচে থাকা একটি খামারের ওপর পড়ে। ওই সময় সেখানে কর্মরত এক বাংলাদেশি শ্রমিক ধ্বংসাবশেষের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত বাংলাদেশির নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির শ্রমবিষয়ক সংগঠন 'ইউএই লেবার্স' জানিয়েছে, ওই প্রবাসী ফুজাইরাহর আল রিফা এলাকার একটি কৃষি খামারে কাজ করতেন।
আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা নিয়োজিত রয়েছেন। একইসঙ্গে দেশটির কর্মকর্তারা সাধারণ মানুষকে গুজব এড়িয়ে কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। ড্রোনটি কোথা থেকে এসেছিল সে বিষয়ে তদন্ত চলছে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments