ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে খুব দ্রুতই প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে ভুয়া পরিচয় ব্যবহার করে যারা বা যাদের সন্তান সরকারি চাকরি নিয়েছেন, তাদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তোর পর্বে অংশ নিয়ে মন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। মন্ত্রী আহমদ আযম খান স্পষ্টভাবে জানান, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবে যারা অনৈতিকভাবে তালিকায় নাম লিখিয়েছেন, তাদের আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন: ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা উপস্থাপন করা এখন সময়ের দাবি। জালিয়াতির মাধ্যমে যারা এবং যাদের সন্তানরা চাকরির সুবিধা নিয়েছেন, তাদের তালিকা তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিগত ১৭ বছরে যারা রাজনৈতিক কারণে বঞ্চনার শিকার হয়েছেন, তাদের বিষয়ে মন্ত্রী বলেন: "বিগত সরকারগুলোর আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তাদের ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা আবেদন করলে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের আমরা যথাযথ সম্মান ফিরিয়ে দিতে চাই।"
মন্ত্রী আশ্বাস দেন যে, যাচাই-বাছাই প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ। প্রকৃত বীর সন্তানদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
Comments