বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় ধর্মপ্রাণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।
প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত ও ইসলামের ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করে বয়ান করেন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন কারী মো. ইসহাক।
নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা (ইতোমধ্যে অনুষ্ঠিত), ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন
নির্ধারিত কোনো ইমাম উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।
Comments