আজ থেকে বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দোকান ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করেছে সরকার। আজ রোববার বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে 'বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়' বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
এ ছাড়া দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন।
বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা।
Comments