সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী
সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি। স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতি। প্রতিটি মানুষকে স্বনির্ভর করতে চায় বিএনপি। গণতন্ত্রকামীদের সহযোগিতা চাই। প্রতিটি সংসদ সদস্যের সহযোগিতা আশা করছি।'
সংসদ নেতা বলেন, 'আমি বিশ্বাস করি, মত ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে অকার্যকর করে ফেলেছিল। আমরা সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চাই।'
তিনি বলেন, 'নিয়ম অনুযায়ী সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের এখানে থাকার কথা ছিল। কিন্তু ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে যে জনরোষ তৈরি হয়েছিল, তাতে তাঁদের পাওয়া যায়নি। কেউ কারাগারে, কেউ নিখোঁজ বা কেউ পলাতক। বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।'
প্রধানমন্ত্রী বলেন, দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মধ্য দিয়ে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
বিরোধী দলের সাথে তাদের মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই।
তিনি বক্তব্যে বিএনপির প্রয়াত নেত্রী ও তাঁর মা খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।
Comments