সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠার পর ট্রাইব্যুনালে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আজ মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করবে প্রসিকিউশন টিম।
আজ দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এই সিদ্ধান্তের কথা জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে এই বিপুল অংকের টাকা দাবি করার অভিযোগ উঠে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।
একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে ১ কোটি টাকা চাওয়ার তথ্যের প্রমাণ মিলেছে। এই অভিযোগটি প্রকাশ্যে আসার পর প্রসিকিউশন ও বিচার অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত সাইমুম রেজা তালুকদার গত বছরের ৭ অক্টোবর প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, গণমাধ্যমে খবরটি দেখার পরপরই তিনি আজ সকাল ৯টার মধ্যে সব প্রসিকিউটরকে উপস্থিত থাকার নির্দেশ দেন। রুদ্ধদ্বার বৈঠকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হয়। তিনি উল্লেখ করেন, সাইমুম রেজা তালুকদার দুই-তিন দিন আগেই তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে অব্যাহতি দেয়। তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই অভিযোগের বিষয়ে জানতে পেরে সাইমুমকে সংশ্লিষ্ট মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন। তবে সে সময় তাঁর বিরুদ্ধে কোনো শক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্বেও তিনি বহাল ছিলেন।
ঘটনাটি জানার পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এই সংবাদের বিষয়ে আমরা অত্যন্ত ব্যথিত। অভিযোগের সত্যতা যাচাই করতে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করে দেখব।
Comments