বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানী বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। এই লক্ষ্যেই সরকার আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া আগামী মাস থেকেই কৃষকদের সহায়তায় 'কৃষক কার্ড' কার্যক্রম শুরু করার ঘোষণাও দেন তিনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ সদস্যের প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন প্রকল্পের আর্থিক বিবরণী তুলে ধরে জানান, পাইলটিং পর্যায়ের জন্য জুন পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ (প্রায় ৬৬ শতাংশ) সরাসরি নগদ সহায়তা হিসেবে প্রদান করা হবে এবং বাকি অংশ তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম ও কার্ড প্রস্তুতির কাজে ব্যয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কড়াইল বস্তি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
Comments