হামলার পর বাহরাইনের প্রধান তেল শোধনাগার বন্ধ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের প্রধান তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যাপকোতে হামলা চালিয়েছে ইরান। ফলে অনিবার্য কারণে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ব্যাপকোর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএন।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তাদের রিফাইনারি কমপ্লেক্সে সাম্প্রতিক হামলার কারণে তাদের কার্যক্রম প্রভাবিত হয়েছে।
ফলে তারা 'অনিবার্য কারণে' তেল সরবরাহ বন্ধ করার বিষয়ে নোটিশ জারি করে। তবে স্থানীয় বাজারের জন্য সব ধরনের জ্বালানি সরবরাহ চালু রয়েছে। পূর্বপরিকল্পনার কারণে দেশের ভেতরে জ্বালানি সরবরাহেও কোনো ধরনের সমস্যা হবে না বলে জানায় প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সোমবার সকালে দেশটির রিফা এলাকার একটি শিল্প অঞ্চলে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। তবে আগুন কিভাবে লেগেছে বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই এলাকায় ব্যাপকোর স্থাপনা রয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যাপকো রিফাইনিংয়ের ৮৫ শতাংশের বেশি পরিমাণ তেল বিশ্বে সরবরাহ করে। এর আগে বাহরাইন কর্তৃপক্ষ জানায়, দেশটির সিত্রা শহরে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। সিত্রা শহরটি ওই শিল্প এলাকা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। এর আগেও গত সপ্তাহে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যাপকো এনার্জি রিফাইনারির একটি ইউনিটে আঘাত হেনেছিল বলে বাহরাইন সরকার জানিয়েছে।
Comments