দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে, তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতাই হয়নি। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে দেশের মানুষকে অন্ধকারে রেখে—এমন ধারণা পুরোপুরি ভুল।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দেশের স্বার্থ বজায় রেখে অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্মানজনক করার আহ্বান জানিয়েছে ঢাকা।
মন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তৃত কথা হয়নি। প্রতিরক্ষা চুক্তি বা সহযোগিতা নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনাই হয়নি। ইন্দো-প্যাসিফিক জোট সম্পর্ক নতুন সরকার খতিয়ে দেখবে, তবে বাংলাদেশ কোনো জোটেই যুক্ত হবে না।
Comments