পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পল কাপুর
বাংলাদেশ সফরের প্রথম সূচি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান তিনি।
দিনের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেন পল কাপুর। জানা যায়, নতুন সরকারের এ মেয়াদে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনা হয়। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেন।
পরে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।
সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সফর উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন পল কাপুর। এছাড়া সফরের শেষদিন আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পল কাপুর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সফরের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার পার্টিতে অংশ নেবেন এই মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। মূলত ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের আলোচনা করতে পল কাপুর গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আসেন।
এ সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনায় আসবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসার মতো বিষয়গুলোয় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। মূলত গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি মেনে চলার বার্তা থাকবে নতুন সরকারের প্রতি।
Comments