ইরান যুদ্ধ: বাংলাদেশের জ্বালানি, মূল্যস্ফীতি, শিল্প ও রেমিট্যান্সে ঝুঁকি
মধ্যপ্রাচ্যে সংঘাত যত গভীর হচ্ছে, ঢাকায় অর্থনৈতিক উদ্বেগ তত বাড়ছে। আমদানিনির্ভর অর্থনীতি এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল বাংলাদেশের জন্য এই যুদ্ধ কেবল দূরবর্তী ভূরাজনৈতিক ঘটনা নয়;এটি একটি সম্ভাব্য বড় অর্থনৈতিক ধাক্কা। জ্বালানি নিরাপত্তা, শিল্প উৎপাদন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং সামাজিক স্থিতি - সবকিছুই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত। ইতোমধ্যেই নাজুক অর্থনীতির ভার কাঁধে নিয়ে নতুন সরকারের সামনে এই সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বাংলাদেশে ঝুঁকির শুরু জ্বালানি নির্ভরতা থেকে। অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, এলএনজি ও এলপিজির বড়ো অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হলো হরমুজ প্রণালি। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সরাসরি সামরিক হামলা, নিরাপত্তা ঝুঁকি বা বিমা প্রিমিয়াম বৃদ্ধির ফলে যদি যুদ্ধের কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হয় তাহলে আন্তর্জাতিক তেলের বাজার তাৎক্ষণিকভাবে অস্থির হয়ে উঠবে।
বাংলাদেশের জন্য এর অর্থ হবে উচ্চ আমদানি ব্যয় ও সরবরাহ অনিশ্চয়তা। জাহাজ খরচ বাড়বে, বিমা প্রিমিয়াম বেড়ে যাবে এবং পণ্য আসতে বিলম্ব হবে। সাময়িক বিঘ্নও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে। যেহেতু বাংলাদেশ বৈশ্বিক বাজারদরের ভিত্তিতে জ্বালানি আমদানি করে, তাই দাম বৃদ্ধির চাপ পড়বে সরকারি অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর।
তেলের দাম বাড়ার অভিঘাত বহুমাত্রিক। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, বিশেষত জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রে। সরকার যদি ভর্তুকি দিয়ে ভোক্তাদের সুরক্ষা দিতে চায়, তাহলে বাজেট ঘাটতি বাড়বে। এতে অভ্যন্তরীণ ঋণগ্রহণ বা বৈদেশিক ঋণের প্রয়োজন বাড়তে পারে। অভ্যন্তরীণ ঋণ বেসরকারি বিনিয়োগকে সংকুচিত করতে পারে, আর বৈদেশিক ঋণ ভবিষ্যৎ ঋণ চাপ বাড়ায়।
অন্যদিকে, যদি জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি ভোক্তাদের ওপর চাপানো হয়, তাহলে পরিবহন ব্যয় বাড়বে এবং খাদ্য, ভোজ্যতেল, সারসহ আমদানিনির্ভর সব পণ্যের দাম বাড়বে। ইতোমধ্যেই বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি আরও তীব্র হবে। এতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের প্রকৃত আয় ইতোমধ্যে কমে গেছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। কিন্তু উচ্চসুদের হার বিনিয়োগ কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ করতে পারে। ফলে নীতিনির্ধারকদের সামনে কঠিন সমীকরণ - মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি প্রবৃদ্ধি রক্ষা?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেকটি বড়ো দুর্বলতা। উচ্চ আমদানি ব্যয় ও রপ্তানি প্রবৃদ্ধির মন্থরতার কারণে রিজার্ভ ইতোমধ্যেই চাপে। তেলের দাম বাড়লে বাণিজ্য ঘাটতি বাড়বে। জ্বালানি আমদানির অর্থ ডলারে পরিশোধ করতে হয়, ফলে ডলারের চাহিদা বাড়বে। রেমিট্যান্স ও রপ্তানি আয় পর্যাপ্ত না হলে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে হস্তক্ষেপ করতে হবে, যা মুদ্রার ওপর চাপ বাড়াবে।
শিল্প খাতও ঝুঁকিতে। জ্বালানি ও ডলারের দামের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। উদ্যোক্তারা সস্তা ঋণ পাচ্ছেন না। যদি মধ্যপ্রাচ্যের শিপিং রুটে বিঘ্ন ঘটে, তাহলে কাঁচামাল আমদানিতে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় যুক্ত হবে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। অনেক কাঁচামাল ও রাসায়নিক পণ্য মধ্যপ্রাচ্য হয়ে আসে বা ওই পথেই যায়। শিপমেন্ট বিলম্বিত হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সরবরাহ না হলে অর্ডার বাতিল বা অন্য দেশে সরিয়ে নেওয়ার ঝুঁকি থাকে।
রপ্তানি আয় কমলে বৈদেশিক মুদ্রার ঘাটতি বাড়বে, যা আবার মুদ্রার মান কমিয়ে দিতে পারে। যদিও তাত্ত্বিকভাবে মুদ্রার অবমূল্যায়ন রপ্তানিকে সহায়তা করে, কিন্তু আমদানিনির্ভর শিল্পের ক্ষেত্রে এর সুফল সীমিত।
বাংলাদেশের অর্থনীতির আরেকটি স্তম্ভ হলো রেমিট্যান্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মরত। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কর্মসংস্থান কমে যেতে পারে, নতুন ভিসা ইস্যু হ্রাস পেতে পারে, এমনকি অনেক শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন। রেমিট্যান্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও চাপে পড়বে এবং অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমবে।
সামাজিক প্রভাবও গভীর হতে পারে। খাদ্য ও জ্বালানির দাম একসঙ্গে বাড়লে নিম্নআয়ের মানুষ টিকে থাকতে হিমশিম খাবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের প্রয়োজন হবে, অথচ সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।
বিনিয়োগ ইতোমধ্যেই মন্থর। ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ স্থগিত রাখতে পারেন। ব্যাংক খাতে তারল্য সংকট ও ঋণঝুঁকি বাড়তে পারে। সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে কিছু ইতিবাচক দিকও আছে। দেশে প্রায় চল্লিশ দিনের জ্বালানি মজুত রয়েছে। যদি সংঘাত স্বল্পমেয়াদি হয় এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে বড়ো ধরনের সংকট এড়ানো সম্ভব। সাময়িক মূল্য অস্থিরতা সঠিক নীতি ব্যবস্থাপনায় সামাল দেওয়া যেতে পারে।
কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালি অচল হয়ে পড়ে, তাহলে পরিস্থিতি গুরুতর হবে। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি সম্ভব হলেও তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
সরকারের করণীয় তাই বহুমাত্রিক। প্রথমত, সক্রিয় কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, জ্বালানি সাশ্রয়ী নীতি ও জরুরি পরিকল্পনা গ্রহণ জরুরি। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে পারে।
তৃতীয়ত, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রণোদনা ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়াতে হবে। নতুন বাজারে প্রবেশ ও শ্রম চুক্তি সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। চতুর্থত, সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করতে হবে, যাতে নিম্নআয়ের মানুষ মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে পারে।
আর্থিক ও মুদ্রানীতির সমন্বয় অপরিহার্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি রক্ষা এবং রিজার্ভ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। স্বচ্ছ নীতিগত যোগাযোগ বাজারে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
বিশ্ব অর্থনীতি আজ গভীরভাবে একে অন্যের সাথে যুক্ত। এক অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলের অর্থনীতিকে প্রভাবিত করে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও প্রবাসী আয়নির্ভর দেশের জন্য এই বাস্তবতা আরও কঠিন।
চ্যালেঞ্জ শুধু তাৎক্ষণিক ঝুঁকি সামলানো নয়; বরং দীর্ঘমেয়াদে স্থিতিস্থাপকতা তৈরি করা। জ্বালানি উৎস বৈচিত্র্যকরণ, রপ্তানি বাজার সম্প্রসারণ, শিল্প খাত শক্তিশালীকরণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা-এসবই টেকসই সমাধানের অংশ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের জন্য শুধু আন্তর্জাতিক সংকট নয়; এটি অভ্যন্তরীণ অর্থনীতি, শিল্প ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড়ো পরীক্ষা। সঠিক প্রস্তুতি, কার্যকর কূটনীতি এবং দূরদর্শী নীতির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
যুদ্ধের মেঘ যতই ঘন হোক, সমন্বিত পদক্ষেপই পারে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে। এখন প্রশ্ন একটাই-আমরা কতটা প্রস্তুত?
Comments