জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে দাওয়াত পত্র পৌঁছে দেন।
আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোনে সপরিবারে ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে ফোনে শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো প্রধানন্ত্রীর সঙ্গে। সরকার পরিচালনায় গত কয়েক দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জামায়াতের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, অতীতের রাজনৈতিক মন্দ বিষয়গুলো যেন না থাকে। মতপার্থক্য ভুলে গণতান্ত্রিক পদ্ধতিতে সব গঠনমূলক সমালোচনা যেন সংসদে হয়, সেই সঙ্গে নিয়মতান্ত্রিক রাজপথের আন্দোলন সব মিলে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
Comments