মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সব দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর নিজ বাসভবনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, 'অনেকেই বলাবলি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দূর্নীতি রয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রথমেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পূর্ণরুপে কামিয়াব হবো।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছি। আমার সবকাজে তারা অগ্রাধিকার পাবে। তবে দেশটাকে সুন্দরভাবে গড়তে আমরা সামনের দিকে এগিয়ে যাব।'
তিনি আরো বলেন, 'আমাদের দলের ইচ্ছা, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে তেমনি যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় থাকবে। সকল প্রতিহিংসার উর্ধ্বে ওঠে রাজনৈতিক কু-চিন্তা বাদ দিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।'
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
Comments