স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি, এ বিষয়ে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এলে তাকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
তিনি বলেন, তৎকালীন মেজর ও পরবর্তীকালে রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইবিআর) ও ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর সদস্যরা মুক্তিবাহিনী গঠন করেন। তাদের নেতৃত্বে দেশ বীরত্বের সঙ্গে জীবন বাজি রেখে লড়াই করে বিজয় অর্জন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল।
একাত্তরের রণাঙ্গনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সে সময় বাঙালিরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েও অসীম সাহসিকতায় স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বিপুলসংখ্যক ছাত্র-যুবক ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেন। পাকিস্তানি বাহিনী একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল; জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখেই তাদের পরাজয় ঘটে।
সভায় মন্ত্রী কর্মকর্তাদের সময়ানুবর্তিতা, পেশাগত নিষ্ঠা ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments