তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মোদি ফোনে কি বলেছেন?
জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোনকলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়ে দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান নরেন্দ্র মোদি।
পোস্টে তিনি লেখেন, 'তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।'
এর আগে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেছেন, 'বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।'
ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, 'এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত 'গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন' অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।
তিনি আরও বলেন, 'আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।'
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে।
তথ্যসূত্র: পিটিআই
Comments