আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আর নেই
আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আর নেই। আজ ( মঙ্গলবার) বাদ যোহর আবাহনী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে জানাজা।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক পরিচিত ও প্রভাবশালী সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সোমবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্রীড়াঙ্গনে সবার কাছে 'হারুন ভাই' নামে পরিচিত এই বর্ষীয়ান সংগঠক স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ জেলা লক্ষ্মীপুরে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সংগঠকের নাম আবাহনী ক্রীড়া চক্রের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দেশের ফুটবলে আবাহনীর প্রতিষ্ঠা ও বিকাশে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
শুধু আবাহনী নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও।
দেশের ফুটবলের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। ক্রীড়া সংগঠক হিসেবে অর্জন করেছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।
দীর্ঘ কর্মজীবনে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা। ২০২৩ সালে বিএসপিএর প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও ভূষিত হন তিনি।
বাংলাদেশের ফুটবল, বিশেষ করে আবাহনীর ইতিহাসে তার অবদান ও দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও প্রভাবশালী সংগঠককে।
Comments