জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি, সকালে ঢাকায় এসে পৌঁছেছেন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে অবশেষে নিয়োগ পেলেন সাবেক মার্কিন অধিনায়ক থমাস ডুলি। আজ বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই গুরুদায়িত্ব বুঝে নিতে আজ শুক্রবার (২২ মে) সকালেই ঢাকায় পা রেখেছেন আমেরিকান বংশোদ্ভূত এই জার্মান।
ফুটবল বিশ্বে থমাস ডুলি অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ একটি নাম। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক নিচে তুলে ধরা হলো:
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিখ্যাত ফুটবল ব্যক্তিত্ব ইয়ুর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশ দলের কোচ নিয়োগের আলোচনায় শুরুতে ওয়েলসের সাবেক ইউরোজয়ী কোচ ক্রিস কোলম্যানের নাম বেশ জোরালোভাবে শোনা যাচ্ছিল। তবে বাফুফের সাথে আর্থিক ও অন্যান্য শর্তাবলী ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত থমাস ডুলিকেই বেছে নেয় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, জাতীয় দলের জন্য আরও হাইপ্রোফাইল কোচ নিয়োগের দাবিতে গত দুইদিন ধরে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছেন ফুটবল সমর্থকদের একটি অংশ। তাদের এই দাবির প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে আজ বেলা ১২টায় বাফুফে কর্তাদের সাথে ফুটবল সমর্থকদের একটি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে।
Comments