বাংলাদেশকে বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র বানাতে টিকিফাইয়ের উদ্যোগ
বিনোদন ও সাংস্কৃতিক অর্থনীতির বিকাশ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ইভেন্ট খাতে প্রযুক্তির ব্যবহারের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম 'টিকিফাই' (tickify.live)-এর প্রতিষ্ঠাতারা। এ সময় বাংলাদেশকে বিনোদন, সংস্কৃতি ও লাইভ পারফরম্যান্সের ক্ষেত্রে একটি শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক গন্তব্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত "তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক জাতীয় প্রদর্শনীতে অংশ নেওয়া নির্বাচিত ২০টি শীর্ষ স্টার্টআপের অন্যতম ছিল টিকিফাই।
আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টার্টআপটির চ্যালেঞ্জ ও সরকারের করণীয় সম্পর্কে জানতে চান। জবাবে টিকিফাই টিম কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক শিল্পীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে:
-
ইভেন্ট অনুমোদনের ক্ষেত্রে স্পষ্ট নীতিমালার অভাব এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া।
-
উপযুক্ত ভেন্যুর অভাব এবং নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ইভেন্ট বাতিল হওয়ার ঝুঁকি, যা আয়োজক ও স্পনসরদের বড় আর্থিক ক্ষতির মুখে ফেলে।
-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক এবং সরকারি কর্তৃপক্ষের মধ্যে একটি স্বচ্ছ ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানায় টিকিফাই। এর ফলে আন্তর্জাতিক তারকা ও বিনোদন প্রতিষ্ঠানগুলো তাদের ট্যুর প্ল্যানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত হবে।
আইসিটি বিভাগের উদ্যোগে এই আয়োজনেই "জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম"-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এটি নেটওয়ার্কিং, মেন্টরশিপ ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এই প্রদর্শনীতে টিকিফাইয়ের পাশাপাশি দেশের পরিচিত স্টার্টআপ—আইফার্মার, আরোগ্য, শেয়ারট্রিপ, শিখো এবং ট্রাক লাগবে অংশ নেয়।
টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও ইফতিখার ইমাম ইফতি বলেন:'মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের প্রযুক্তি খাতকে তুলে ধরা অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তির সঠিক ব্যবহারে বাংলাদেশ একদিন বিশ্বস্বীকৃত বিনোদন ও পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে।'
টিকিফাই দেশের মানুষকে কনসার্ট, উৎসব, খেলাধুলা, থিয়েটার ও বিভিন্ন সম্মেলনের টিকিট সহজে ও নিরাপদে বুকিংয়ের সুবিধা দিচ্ছে। ৫২০টিরও বেশি ইভেন্ট ও আয়োজকের সাথে কাজ করেছে। প্রায় ৮ লাখ ৯০ হাজারেরও বেশি গ্রাহককে নির্বিঘ্ন সেবা দিয়েছে।
টিকিটিং সেবার পাশাপাশি বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরাপদ ও পেশাদার বিনোদন শিল্প গড়ে তুলতে কাজ করে যাচ্ছে টিকিফাই।
Comments