তদবিরে মিলবে না ওসির চেয়ার: ঢাকারেঞ্জ ডিআইজির সতর্ক বার্তা
থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের অনৈতিক তদবির বা সুপারিশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকারেঞ্জ ডিআইজি কার্যালয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তদবির করে বা প্রভাব খাটিয়ে এখন থেকে আর ওসির চেয়ার পাওয়ার কোনো সুযোগ নেই।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকারেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।
থানায় ওসি পদায়নের পূর্ণ ক্ষমতা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি)। এক্ষেত্রে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।
পদায়নের ক্ষেত্রে শুধুমাত্র কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হবে।
ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কোনো অসাধু ব্যক্তি বা দালালচক্র যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত ১০ এপ্রিল এক বার্তার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হলেও লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু স্বার্থান্বেষী মহল ও দালালচক্র এখনো ডিআইজির কাছে বিভিন্ন তদবির নিয়ে আসছেন। এমনকি পদায়নের নামে অর্থ লেনদেনের অপচেষ্টার খবরও পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড বাহিনীর প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।
"তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হচ্ছে।"
Comments