খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ই-লার্নিংয়ের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও স্মৃতিচারণ মাহফিলের আয়োজন করেছে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কল্যানপুরে খাজা সুপার মার্কেটে অবস্থিত প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এই দোয়া ও স্মৃতিচারণ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ও প্রমিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলম। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা, আত্মমর্যাদাশীল ও আপসহীন এক রাজনৈতিক নেত্রী। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নীরব ও সংযত; আড়ম্বর এড়িয়ে সহজ জীবনযাপন করাই তার পছন্দ ছিল। কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও তিনি সিদ্ধান্তে দৃঢ় থাকতেন এবং চাপের কাছে সহজে নতিস্বীকার করতেন না।'
মাসুদ আলম আরো বলেন, 'মানবিক দিক থেকেও তিনি আলাদা করে স্মরণীয়। সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতা ছিল, নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো। কঠোর রাজনৈতিক ইমেজের আড়ালে তার মধ্যে ছিল নরম মন, শান্ত স্বভাব ও সৌন্দর্যবোধ। যার প্রকাশ পাওয়া যেত ফুল, প্রকৃতি ও নীরবতাকে ভালোবাসার মধ্য দিয়ে '
অনুষ্ঠানের খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতপর, মরহুমার রুহের মাগফিরাত, পরকালীন শান্তি এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ও প্রমিজ গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
Comments