গুলশান সোসাইটির উদ্যোগে দরিদ্রদের জন্য মৌসুমি ফল উৎসব ও ফল বিতরণ
পরস্পরের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করতে শনিবার ২৭ জুন সকালে পথশিশু, রিকশাচালক এবং নিম্ন আয়ের মানুষের জন্য একটি ব্যতিক্রমী ফল উৎসব আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক-এ আয়োজিত এ অনুষ্ঠানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়।
গুলশানের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত এসব মৌসুমি ফল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত-সহ সোসাইটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ব্যারিস্টার ওমর সাদাত বলেন,আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।
গুলশান সোসাইটি জানিয়েছে, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
Comments