অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ইউল্যাবের নতুন উপাচার্য
অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. সামসাদ মর্তূজা একজন খ্যাতিমান শিক্ষাবিদ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক সামসাদ দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
তিনি বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস এর একজন ফুলব্রাইট পোস্ট ডক্টরাল ফেলো। অধ্যাপক সামসাদ পেন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি। শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় তার বহুমাত্রিক অবদান দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। ইউল্যাব কর্তৃপক্ষ মনে করে অধ্যাপক সামসাদ-এর নেতৃত্বে শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাবে।
Comments