ফাঁকা পদ্মা ব্যাংক, গ্রাহক নেই !
রাজধানীর ব্যস্ততম কাজী নজরুল ইসলাম এভিনিউ । চারপাশে মানুষের কোলাহল, যানবাহনের ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই পদ্মা ব্যাংকের এ শাখার ভেতরের চিত্র যেন একেবারেই ভিন্ন। সংবাদ সংগ্রহে গিয়ে কয়েক ঘণ্টা অবস্থান করেও সেবা নিতে আসা কোনো গ্রাহকের দেখা মেলেনি।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ ডেস্কে উপস্থিত থাকলেও গ্রাহকশূন্য পরিবেশ চোখে পড়ে। কাউন্টারগুলো ছিল ফাঁকা, অপেক্ষমাণ কোনো সারিও ছিল না। ফলে পুরো শাখাজুড়েই ছিল সুনসান নীরবতা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলমান সংকট কাটানোর জন্য সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল পদ্মা ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করে তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার তারল্য সহায়তা দেয়া সম্ভব না। এবং তাদেরকে দুইটি পথও দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পরিচালক হিসেবে থাকা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর কাছ থেকে টাকা ম্যানেজ করা অথবা অবসায়নে যাওয়া।
এ বিষয়ে পদ্মা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও এই প্রতিবেদন ধারণের সময় পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Comments