আজ ‘থ্যাংকসগিভিং ডে’; কৃতজ্ঞতা জানানোর সহজ কিছু উপায়
ফসল তোলা, পরিবার, সুস্থতা এবং জীবনের নানা প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জানানোর বার্ষিক উৎসব 'থ্যাংকসগিভিং ডে'। আমাদের আশপাশে এমন অনেক মানুষ থাকেন, যাঁরা নিঃস্বার্থভাবে নানাভাবে অন্যদের সহযোগিতা করেন। পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবী কিংবা ভিন্ন পেশার মানুষের ছোট ছোট অবদান আমাদের পথচলাকে সহজ ও সুন্দর করে তোলে। যাঁদের কারণে জীবনে এত ইতিবাচকতা যুক্ত হয়, তাঁদের প্রতি কেবল মুখে ধন্যবাদ বললেই অনেক সময় যথেষ্ট হয় না; বরং কিছু আন্তরিক উদ্যোগের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।
ছোট উপহারের সঙ্গে হাতে লেখা চিরকুট ডিজিটাল বার্তার ভিড়ে হাতে লেখা চিঠির গুরুত্ব আজও আলাদা। নিজের হাতে সময় নিয়ে লেখা ছোট্ট একটি নোট কার্ডে বা সাধারণ কাগজে মনের কথা লিখে চকলেট, ঘরে তৈরি খাবার কিংবা প্রয়োজনীয় কোনো সামগ্রীর সঙ্গে জুড়ে দিতে পারেন। এতে সম্পর্ক আরও গভীর হয়।
নিজের হাতে কিছু তৈরি করুন হাতের কাজ, রান্না বা বেকিংয়ে পারদর্শী হলে নিজের তৈরি কোনো খাবার বা জিনিস উপহার দিয়ে অন্যের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো যায়।
নৈশভোজে বিশেষ আয়োজন পরিবার বা বন্ধুদের কোনো আড্ডা কিংবা নৈশভোজে প্রিয় বা উপকারী মানুষটিকে আমন্ত্রণ জানান। তাঁর পছন্দের কোনো খাবার রাখুন এবং খাবারের শেষে সবার সামনে তাঁর অবদানের কথা তুলে ধরে প্রশংসা করুন।
'ওয়েলকাম প্যাকেজ' উপহার দিন নতুন প্রতিবেশী, সহকর্মী বা কাছের কারও জন্য ছোট্ট একটি উপহারের ঝুড়ি বা ওয়েলকাম প্যাকেজ তৈরি করুন। এর মাধ্যমে তাঁদের আগমনে আপনার আনন্দ ও আন্তরিকতা প্রকাশ পাবে।
কৃতজ্ঞতা জানাতে বিশেষ আয়োজন স্বেচ্ছাসেবকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা কিংবা সারা দিন অন্যের সেবায় ব্যস্ত থাকেন এমন কাউকে কাজের ফাঁকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মতো উদ্যোগ নিতে পারেন। এতে তাঁরা বুঝতে পারবেন আপনার জীবনে তাঁদের মূল্য কতটা।
মনোযোগ দিয়ে শুনুন ও পাশে দাঁড়ান যিনি সংকটে বা প্রয়োজনে পাশে থাকেন, তাঁর বিপদে এগিয়ে যাওয়া কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ উপায়। কারও কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাঁকে যে আপনি গুরুত্ব দেন, তা স্পষ্টভাবে বোঝানো যায়।
ছোট্ট ভিডিও বার্তা পাঠান ব্যস্ততার কারণে আলাদা করে সময় বের করা কঠিন হলে জন্মদিন বা বিশেষ দিনে ফোনের ক্যামেরায় একটি সংক্ষিপ্ত ভিডিও ধারণ করে পাঠাতে পারেন। সেখানে নির্দিষ্ট করে বলুন ঠিক কোন বিষয়টির জন্য আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ।
ইতিবাচক রিভিউ লিখুন কোনো ছোট ব্যবসা, সেবাদাতা বা পছন্দের বইয়ের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা হলে অনলাইনে ইতিবাচক রিভিউ দিন। স্বেচ্ছাসেবী বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রশংসা ও ছোট উপহার সহায়ক হতে পারে। আপনার ইতিবাচক মন্তব্য সংশ্লিষ্টদের কাজে বড় অনুপ্রেরণা জোগায়।
একসঙ্গে গুণগত সময় কাটান অনেক সময় কাউকে ধন্যবাদ জানানোর সবচেয়ে সুন্দর উপায় হলো সময় দেওয়া। একাকীত্ব ভোগ করা কারও সঙ্গে দেখা করা কিংবা পুরোনো বন্ধুর খোঁজ নেওয়া সম্পর্ককে আরও দৃঢ় করে এবং তাঁর প্রতি আপনার ভালোবাসা ও গুরুত্ব তুলে ধরে।
(সূত্র: ক্রিয়েট দ্য গুড)
Comments