পূজোর আগে পুরোনো গয়না ঝকঝকে করবেন যেভাবে
পূজোর সাজে শাড়ি হোক বা কুর্তি অক্সিডাইজ়ড গয়না মানিয়ে যায় প্রায় সব পোশাকের সঙ্গেই। তবে নিয়মিত ব্যবহারে গয়নায় ধুলো, ঘাম ও তেলের আস্তরণ জমতে পারে। ফলে হারিয়ে যায় তার জেল্লা। নতুন গয়না কেনার বদলে পূজোর আগে পুরোনো গয়নাগুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে অক্সিডাইজ়ড গয়নার বিশেষ ধরনের ফিনিশ নষ্ট না করতে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
নরম কাপড় বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন
প্রথমে একটি পরিষ্কার, নরম কাপড় দিয়ে গয়নার গা মুছে নিন। নকশার ফাঁকে ময়লা জমে থাকলে নরম ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন। খুব জোরে ঘষবেন না। এতে গয়নার উপরিভাগের রং বা ফিনিশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাবান ও জল ব্যবহারে সতর্ক থাকুন
সব ধরনের অক্সিডাইজ়ড গয়না জল সহ্য করতে পারে না। তাই পরিষ্কারের জন্য সরাসরি জল বা সাবান ব্যবহার না করাই ভালো। গয়নার প্রস্তুতকারকের নির্দেশে জল ব্যবহার করা নিরাপদ হলে, অল্প মৃদু সাবান মেশানো জলে কাপড় সামান্য ভিজিয়ে আলতো করে মুছে নিন। এরপর শুকনো নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে সম্পূর্ণ শুকিয়ে রাখুন। গয়না কখনও সাবান জলে ডুবিয়ে রাখবেন না।
যে উপাদানগুলি এড়িয়ে চলবেন
অক্সিডাইজ়ড গয়না পরিষ্কারে লেবুর রস, ভিনিগার, বেকিং সোডা বা টুথপেস্ট ব্যবহার করবেন না। এগুলির কারণে গয়নার রং ও বিশেষ ফিনিশ নষ্ট হতে পারে। একইভাবে গয়নার উপর সরাসরি পারফিউম, হেয়ার স্প্রে বা অন্য প্রসাধনী ব্যবহার করা থেকেও বিরত থাকুন।
গয়না ভালো রাখার সহজ উপায়
-প্রতিবার ব্যবহারের পর নরম কাপড় দিয়ে গয়না মুছে রাখুন।
-গয়না আলাদা পাউচ বা শুকনো বাক্সে রাখুন।
-আর্দ্রতা থেকে দূরে রাখুন। প্রয়োজনে বাক্সে সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন।
-অন্যান্য গয়নার সঙ্গে ঘষা লেগে যাতে দাগ না পড়ে, সে জন্য আলাদা করে রাখুন।
পুজোর সাজে পুরোনো অক্সিডাইজ়ড গয়নাও হতে পারে আকর্ষণের কেন্দ্র। শুধু প্রয়োজন সঠিক যত্নের। পরিষ্কারের আগে গয়নার উপাদান ও প্রস্তুতকারকের নির্দেশ দেখে নিলে তার সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখা সহজ হবে।
Comments