পডকাস্টে এআই সুবিধা আনতে অ্যাপলের উদ্যোগ
ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অডিও কনটেন্ট তৈরির প্রযুক্তি নিজেদের সেবায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ লক্ষ্যে এআই অডিও স্টার্টআপ হাক্সের প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
ইউরোপীয় কমিশনে জমা দেওয়া নথিতে চুক্তির বিষয়টি উঠে এসেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় হাক্সের প্রযুক্তি ব্যবহারের অধিকার পাবে অ্যাপল। তবে পুরো প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে না তারা। কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়োগের পাশাপাশি তাদের প্রযুক্তি ব্যবহারের অধিকার নেওয়ার এ প্রক্রিয়াকে 'রিভার্স অ্যাকুই-হায়ার' বলা হয়।
হাক্স প্রতিষ্ঠা করেছিলেন এমন কয়েকজন প্রযুক্তিবিদ, যাঁরা আগে গুগলের নোটবুকএলএম প্রকল্পে কাজ করেছেন। ওই প্রকল্পে ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে কথোপকথনের ভঙ্গিতে অডিও তৈরি করা যায়। এর ফলে দীর্ঘ লেখা না পড়েও অডিও শুনে কোনো বিষয় সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
গত ২১ মে হাক্স তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে নেওয়া হবে এবং সেবা বন্ধের পর ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে। প্রতিষ্ঠানটির দল নতুন কাজে যুক্ত হওয়ায় হাক্সের পণ্য উন্নয়নের কার্যক্রমও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সময়ে ৯ জুন ইউরোপীয় কমিশনকে চুক্তির বিষয়ে অবহিত করে অ্যাপল। তবে হাক্সের কতজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে কিংবা তাঁরা প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা প্রকাশ করা হয়নি। এ প্রযুক্তি ব্যবহার করে নতুন কোনো সেবা চালুর বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল।
প্রযুক্তি খাতসংশ্লিষ্টদের ধারণা, হাক্সের প্রযুক্তি অ্যাপলের পডকাস্ট সেবায় ব্যক্তিগত পছন্দভিত্তিক অডিও তৈরির নতুন সুবিধা যুক্ত করতে কাজে আসতে পারে। এমন ব্যবস্থা চালু হলে ব্যবহারকারীর আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও কনটেন্ট তৈরি করা সম্ভব হবে। তবে অ্যাপলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা নিশ্চিত করা হয়নি।
এদিকে এআই ব্যবহার করে অডিও কনটেন্ট তৈরির বাজারে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ছে। স্পটিফাইও এআইভিত্তিক পডকাস্ট তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছে। ফলে ব্যক্তিকেন্দ্রিক অডিও কনটেন্টের বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তবে এআই দিয়ে তৈরি অডিও ভবিষ্যতে প্রচলিত পডকাস্টের জায়গা কতটা দখল করবে, তা এখনো অনিশ্চিত।
Comments