জেমিনিতে গান তৈরির নতুন এআই মডেল চালু করল গুগল
গান তৈরির জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল 'লিরিয়া ৩.৫' চালু করেছে গুগল। বর্তমানে গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে মডেলটি ব্যবহার করা যাচ্ছে।
গুগলের ভাষ্য অনুযায়ী, সংগীত তৈরির ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত মডেল এটি। আগের সংস্করণের তুলনায় লিরিয়া ৩.৫-এ কণ্ঠস্বরকে আরও স্বাভাবিক ও প্রাণবন্ত করার পাশাপাশি বাদ্যযন্ত্রের সমন্বয় ও সংগীতের বিন্যাসে উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী গানের ধরন নির্ধারণ করে সংগীত তৈরি করতে পারবেন। চাইলে কণ্ঠসহ পূর্ণাঙ্গ গান, আবার শুধু বাদ্যযন্ত্রনির্ভর সুরও তৈরি করা যাবে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার জন্য মডেলটিতে বেশ কিছু তৈরি করা উদাহরণও রাখা হয়েছে। এসব নমুনা অনুসরণ করে সহজেই নতুন গান তৈরি করা সম্ভব। পাশাপাশি জন্মদিন বা বিভিন্ন বিশেষ আয়োজন উপলক্ষে ব্যক্তিগতকৃত গান তৈরির সুযোগও থাকছে।
শুধু ব্যক্তিগত বিনোদন নয়, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক গান এবং মোবাইল ফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।
বিশ্বের বিভিন্ন দেশে জেমিনির ওয়েব সংস্করণ ও মোবাইল অ্যাপে মডেলটি ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে। এআই ও সংগীত নিয়ে কাজ করা শিল্পী ও নির্মাতাদের জন্য গুগলের 'ফ্লো মিউজিক' প্ল্যাটফর্মেও এটি যুক্ত করা হয়েছে।
এ ছাড়া সফটওয়্যার ডেভেলপার ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার প্ল্যাটফর্ম 'গুগল ভিডস'-এও নতুন এআই মডেলটি সংযুক্ত করা হয়েছে।
Comments