আইফোন ব্যবহারকারীদের জন্য এবার নতুন চ্যাট থিম চালু করল হোয়াটসঅ্যাপ
বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও, সাধারণ থিমের পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করার সুবিধা রয়েছে।
ব্যবহারকারীরা যেনো খুব সহজে এবং দ্রুততার সাথে তাদের পছন্দের থিম খুঁজে পায়, সে সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো। প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর যাদের অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ, তারা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।
মিনিমাল বিভাগটি মূলত রাখা হয়েছে , যারা খুবই সাধারণ এবং সাদামাটা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য। এই ডিজাইনের মধ্যে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।
এ ছাড়া ডুডল বিভাগে জায়হা করে নিচ্যেছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ও চিরচেনা ডুডল নকশার ওয়ালপেপারগুলো।
এদিকে কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট 'লাইভ' চিহ্ন দেখেই সহজে বুঝতে পারবেন। এমনকি ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানে একই চিহ্ন দেখা যাবে।
উল্লেখ্য, গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর ইঙ্গিত দিয়েছিল নাইনটুফাইভম্যাক। বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তাই অ্যাপ আপডেট করার পরও সবাই একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: নাইনটুফাইভম্যাক
Comments