শিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে এএআই সেবা দেওয়ার ঘোষণা গুগলের
কলেজ শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যে এআই সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পড়াশোনা, গবেষণা ও একাডেমিক কাজ সহজ করতে এই সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
১৯ আগস্ট থেকে নতুন এই সুবিধা চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের যোগ্য কলেজ শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনা মূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ পাবেন। আর ভারতসহ যুক্তরাষ্ট্রের বাইরে ১৪০টির বেশি দেশের যোগ্য শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহার করতে পারবেন।
গুগল এআই প্লাসে শিক্ষার্থীরা জেমিনি ওমনি, বেশি ব্যবহারের সুবিধা এবং অতিরিক্ত ক্লাউড স্টোরেজ পাবেন। এর পাশাপাশি নির্বাচিত গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়াম প্যাকেজেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের জন্য আলাদা হাব
শিক্ষার্থীদের জন্য জেমিনি অ্যাপে আলাদা স্টুডেন্ট হাব চালু করেছে গুগল। এখানে পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম এক জায়গায় পাওয়া যাবে।
এই হাব থেকে শিক্ষার্থীরা স্টাডি নোটবুক তৈরি করতে পারবেন। পাশাপাশি ফ্ল্যাশকার্ড, অনুশীলনী কুইজসহ বিভিন্ন শিক্ষামূলক উপকরণ তৈরি করা যাবে।
ক্লাসের নোট থেকেই তৈরি হবে পড়ার পরিকল্পনা
গুগলের স্টাডি নোটবুক সুবিধায় শিক্ষার্থীরা নিজেদের ক্লাস নোট, লেকচার ও অন্যান্য শিক্ষাসামগ্রী আপলোড করতে পারবেন। এরপর জেমিনি এসব তথ্য বিশ্লেষণ করে পড়াশোনার পরিকল্পনা তৈরি করতে পারবে।
কোন বিষয়গুলোতে শিক্ষার্থীর দুর্বলতা রয়েছে, তা শনাক্ত করতে তৈরি করা যাবে বিশেষ কুইজ। এরপর সেই ঘাটতি অনুযায়ী পাঠ ও নতুন কুইজ তৈরি করতে পারবে জেমিনি।
এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের অগ্রগতি দেখার জন্য একটি প্রগ্রেস ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্টাডি নোটবুকে গ্রাফ ও ছবি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে গুগলের।
সিলেবাস থেকে পরীক্ষার তারিখ ও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় শনাক্ত করে গুগল ক্যালেন্ডারে যুক্ত করার সুবিধা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি প্রয়োজন হবে।
জটিল বিষয় বোঝাতে থ্রিডি মডেল
শুধু লেখা নয়, বিভিন্ন বিষয় বুঝতে শিক্ষার্থীদের জন্য ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়াল তৈরির সুবিধাও দিচ্ছে জেমিনি। প্রয়োজন অনুযায়ী এটি থ্রিডি সিমুলেশন, টেবিল ও বিভিন্ন মডেল তৈরি করতে পারবে।
যেমন, জীববিজ্ঞানের কোনো শিক্ষার্থী ডিএনএর গঠন ও কার্যপ্রক্রিয়া বোঝার জন্য থ্রিডি মডেল তৈরি করতে পারবেন। আবার পদার্থবিজ্ঞানে দোলকের মাধ্যমে শক্তির স্থানান্তর বা ব্যবসায় নগদ অর্থের প্রবাহ বোঝাতেও ইন্টারঅ্যাকটিভ মডেল ব্যবহার করা যাবে।
গুগল জেমিনি লাইভে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক ধাপে কোনো বিষয়ে গবেষণা করাতে পারবেন। গবেষণা প্রতিবেদন তৈরি হওয়ার সময় শিক্ষার্থী অন্য কাজও করতে পারবেন।
প্রতিবেদন তৈরি হয়ে গেলে সেটি নিয়ে জেমিনির সঙ্গে কথোপকথন করা যাবে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, আরও তথ্য চাইতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী গবেষণার ফলাফল পরিমার্জন করতে পারবেন।
গুগলের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও একাডেমিক কাজের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সহজ করা। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য এআইভিত্তিক পড়াশোনার সুযোগ বাড়াতেই এসব সুবিধা চালু করা হয়েছে।
Comments