অস্ট্রেলিয়ায় ৭ লাখের বেশি কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
অস্ট্রেলিয়ার ৭ লাখ ৫৬ হাজারের বেশি কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ১৬ বছরের কম বয়সীদের ওপর সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এ সিধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আইনি পদক্ষেপ ও কঠোর ব্যবস্থার মুখেই প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নেওয়ার তথ্য প্রকাশ করেছে।
সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হয় গত ডিসেম্বরে। এর পর থেকে জুন মাস পর্যন্ত মেটা সন্দেহভাজন ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে তুলে নেওয়া অ্যাকাউন্ট সংখ্যার তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে বেশি।
শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে অস্ট্রেলিয়া সরকার গত বছরের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে।
সরকার এবং একাধিক গবেষণায় দেখা গেছে, আইন কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ৮০ শতাংশের বেশি অপ্রাপ্তবয়স্ক সামাজিক মাধ্যমে সক্রিয় ছিল, যার পর আইন অমান্য করার সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আইনটি পাসের তীব্র বিরোধিতা করলেও মেটা জানিয়েছে, তারা এটি মেনে চলতে বদ্ধপরিকর। অন্যদিকে কোনো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম যাতে ইচ্ছাকৃতভাবে আইনটিকে ব্যর্থ করতে না পারে, সেজন্য অনুসন্ধান জোরদার করার নতুন ক্ষমতা পাচ্ছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র: রয়টার্স
Comments