চ্যাটজিপিটিতে আনলিমিটেড চ্যাটের সুযোগ
ব্যবহারকারীদের জন্য এবার বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ নিয়ে আসছে ওপেনএআই। কোনো নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে শুধু লেখাভিত্তিক চ্যাট করতে পারবেন আনলিমিটেড। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে পূর্বের মতোই নির্দিষ্ট সীমা বজায় থাকবে।
বর্তমানে বিনামূল্যের ও গো প্যাকেজ ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। তবে নতুন ব্যবস্থায় সাধারণ লেখাভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে এই সীমা তুলে নেওয়া হবে। যদিও ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা এবং অন্যান্য নির্দিষ্ট সুবিধা ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই সীমাবদ্ধতা থাকবে।
আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য 'থিংক' নামে নতুন একটি সুবিধা চালু করা হবে। জটিল প্রশ্নের উত্তর পেতে এই ফিচার ব্যবহার করা যাবে। এটি চালু থাকলে চ্যাটজিপিটি উত্তর দেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করবে এবং তুলনামূলকভাবে বেশি যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে।
এদিকে চলতি সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও আনা হচ্ছে বেশ কিছু উন্নয়ন। ওপেনএআই জানিয়েছে, নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলের হার কমানোর লক্ষ্যেই মডেলটিকে উন্নত করা হয়েছে।
নতুন সংস্করণে উত্তরকে আরও সরাসরি ও সংক্ষিপ্ত করার পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা হবে। একই সঙ্গে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য যুক্ত করা হচ্ছে নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটজিপিটি কতটা সময় ও সক্ষমতা যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, তা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবেন।
Comments