হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় বৈশ্বিক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে ঐতিহাসিক পরিবর্তন এনেছে মূল প্রতিষ্ঠান মেটা। দীর্ঘদিনের প্রধান উইল ক্যাথকার্টের পদত্যাগের পর, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক স্টার্টআপ 'ক্রেড' এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। সোমবার (২২ জুন, ২০২৬) মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূতদের জয়জয়কার থাকলেও, ভারতের নিজস্ব স্টার্টআপ ইকোসিস্টেম থেকে উঠে আসা কোনো উদ্যোক্তাকে এত বড় গ্লোবাল প্ল্যাটফর্মের দায়িত্ব দেওয়ার ঘটনা এটিই প্রথম। বিশ্বজুড়ে বর্তমানে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী ৩০০ কোটিরও বেশি।
মুম্বাইয়ে বেড়ে ওঠা কুনাল শাহর শিক্ষাজীবন আর দশটা প্রচলিত সফল প্রযুক্তি প্রতিষ্ঠাতার মতো ছিল না। কোনো নামী ইঞ্জিনিয়ারিং বা নামজাদা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নয়, বরং কলেজে তাঁর পড়ার বিষয় ছিল দর্শনশাস্ত্র।
পরবর্তীতে কুনাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, দর্শনশাস্ত্র বেছে নেওয়ার মূল কারণ ছিল এর সকালের ক্লাসের সূচি, যাতে ক্লাসের পর সারাদিন তিনি পরিবারের ব্যবসায়িক সংকট কাটাতে কাজ করতে পারেন।
কুনাল শাহর প্রথম বড় সাফল্য আসে মোবাইল রিচার্জ প্ল্যাটফর্ম 'ফ্রিচার্জ'-এর মাধ্যমে। ২০১৫ সালে ই-কমার্স জায়ান্ট স্ন্যাপডিল বড় অঙ্কের অর্থের বিনিময়ে এটি কিনে নেয়। এরপর ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'ক্রেড'। ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য গ্রাহকদের পুরস্কৃত করার অভিনব আইডিয়া নিয়ে শুরু হওয়া এই অ্যাপটি পরবর্তীতে ঋণদান, বিমা এবং সম্পদ ব্যবস্থাপনার মতো বড় খাতে নিজেদের বিস্তার ঘটায়।
বিশ্লেষকদের মতে, মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্ল্যাটফর্মটিকে এখন আর কেবল মেসেজিং অ্যাপ হিসেবে নয়, বরং পেমেন্ট, কমার্স বা ব্যবসায়িক সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পণ্যের এক বিশাল হাব হিসেবে গড়ে তুলতে চায় মেটা।
কুনাল শাহ গত এক দশক ধরে ফিনটেক ও কমার্স খাতেই মূলত কাজ করেছেন। এছাড়া হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হলো ভারত, যা কুনালের চেনা মাঠ।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কুনাল শাহর এই নিয়োগ প্রসঙ্গে তাঁর 'নির্মাণ মানসিকতা' এবং 'বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির' ভূয়সী প্রশংসা করেছেন।
কুনালের দীর্ঘদিনের সহকর্মী ও স্টার্টআপ পলিসি ফোরামের প্রধান নির্বাহী শ্বেতা রাজপাল কোহলি বলেন, "নীতিগত বিষয়ে কুনালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তাঁর সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের প্রবৃত্তি সবসময়ই অত্যন্ত বিস্ময়কর।"
ক্রেড অ্যাপে কাজ করার সময় কুনাল শাহর লক্ষ্য ছিল মূলত আর্থিকভাবে সচ্ছল এবং নির্দিষ্ট একটি প্রিমিয়াম শ্রেণির গ্রাহক গোষ্ঠী। কিন্তু হোয়াটসঅ্যাপের দুনিয়া সম্পূর্ণ ভিন্ন এবং বিশাল। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠান—বিশ্বের প্রতিটি স্তরের মানুষের আস্থার জায়গা ধরে রেখে অ্যাপটিকে সম্পূর্ণ বাণিজ্যিক ও পেমেন্ট-বান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করাই এখন প্রথম ভারতীয় হিসেবে হোয়াটসঅ্যাপের হাল ধরা কুনাল শাহর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Comments