সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ: টানা ৩ দিন ইন্টারনেটে ধীরগতির সম্ভাবনা
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক সমস্যার বিষয়ে সতর্ক করেছে।
বিএসসিপিএলসি জানায়, কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে ৯ এপ্রিল রাত ১০টা থেকে এবং এটি চলবে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ মোট ৩ দিন ৮ ঘণ্টা এই কার্যক্রম চলবে।
এই সময়টি 'ট্রাফিক অ্যাফেক্টিং' হওয়ায় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ বা ধীরগতির হয়ে পড়বে। ফলে সাধারণ গ্রাহকরা ইন্টারনেট ব্রাউজিং বা ডাউনলোডের ক্ষেত্রে ধীরগতির সম্মুখীন হতে পারেন।
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে কাজ চললেও দেশের ইন্টারনেট যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়: কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) যথারীতি সচল থাকবে। প্রথম ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে যাতে বিঘ্ন সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Comments