পৃথিবীর পথে আর্টেমিস-২: বিরল সূর্যগ্রহণের সাক্ষী নভোচারীরা
চাঁদের পাশ দিয়ে ঐতিহাসিক এক যাত্রা সম্পন্ন করে পৃথিবীর অভিমুখে রওনা হয়েছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ পাড়ি দিয়ে মঙ্গলবার তাঁরা ফেরার যাত্রা শুরু করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
নাসা জানিয়েছে, মহাকাশচারীদের পৃথিবীতে পৌঁছাতে প্রায় চার দিন সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্যাসিফিক মহাসাগরে (প্রশান্ত মহাসাগর) তাঁদের বহনকারী মহাকাশযানটি অবতরণ করবে।
ফেরার পথে মহাকাশযান থেকে নভোচারীরা একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন, যা এই মিশনকে আরও স্মরণীয় করে তুলেছে।
চাঁদের অপর প্রান্তে (ডার্ক সাইড) থাকার সময় প্রায় ৪০ মিনিটের জন্য নাসার কন্ট্রোল রুমের সাথে মহাকাশযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নাসা জানিয়েছে, এটি আগে থেকেই প্রত্যাশিত ছিল। দীর্ঘ নীরবতা ভেঙে মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ পৃথিবীতে বার্তা পাঠিয়ে বলেন, "পৃথিবী থেকে আবারও সংকেত পেয়ে খুব ভালো লাগছে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফল অভিযানের জন্য নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন:
"আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন এবং পুরো আমেরিকাকে গর্বিত করেছেন।" নভোচারীদের সম্মানে তিনি তাঁদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের পর মার্কিন নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে নভোচারীদের উদ্ধার করা হবে। জাহাজে ওঠার পরপরই তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে নাসার চিকিৎসক দল।
Comments